পর্যটন শিল্পে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার মঙ্গলবার

চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়ানোর পর বিশ্বজুড়ে এখন এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ১০৬ জন এবং মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৮০৭ জন ছাড়িয়েছে। এই ভাইরাসের প্রভাবে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে পর্যটন শিল্প আগামী দিনে টিকিয়ে রাখতে সংবাদ মাধ্যমের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে বিডিট্রাভেলনিউজ.কম।

১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় অনলাইনভিত্তিক এই আলোচনা বা ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিডিট্রাভেলনিউজ.কম ও অ্যামেজিং ট্যুরসের ম্যানেজার ও পাবলিক রিলেশন্স অফিসার মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। এতে জানানো হয়, অনলাইনে আলোচনার মূল বিষয়বস্তু হলো পর্যটন শিল্পে সংবাদ মাধ্যমের গুরুত্ব। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিডিট্রাভেলনিউজ.কম ও অ্যামেজিং ট্যুরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মহসীন ইকবাল। পুরো অনুষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।

অনলাইনভিত্তিক এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।

এতে আলোচক হিসেবে সংবাদ মাধ্যম থেকে থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, গাজী টিভির সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরন, নিউজনাও বাংলা ডটকমের সম্পাদক শামিমা আক্তার।

পর্যটন শিল্পের সেক্টর থেকে আলোচক হিসেবে থাকবেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) সভাপতি মনসুর আহমেদ কালাম, বিডিইনবাইন্ডের সভাপতি রেজাউল একরাম, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এজেন্সির সেক্রেটারি জেনারেল (পাটা-বাংলাদেশ চেপ্টার) তৌফিক রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.