আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের আয়োজক বদল হয়েছে। মোটা অঙ্কের বিনিময়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা কিনে নিয়েছেন এক থাই ব্যবসায়ী, যিনি ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজের পরিচয় দেন।
খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২ কোটি ডলারে সংস্থার মালিকানা পেয়েছেন ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও ট্রান্সজেন্ডারদের অধিকার বিষয়ক আইনজীবী জাকাপং আনে জাকরাজুটাটিপ। তার প্রতিষ্ঠান গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
জাকাপং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান জেকেএম গ্লোবাল গ্রুপের সিইও এবং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। থাইল্যান্ডে বিভিন্ন রিয়েলিটি শো আয়োজনের পাশাপাশি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত তিনি।
সমাজে ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষায় লাইফ ইন্সপায়ার্ড ফর থাইল্যান্ড ফাউন্ডেশন নামে একটি সংগঠন গড়ে তুলেছেন জাকাপং, কাজ করছেন তাদের আইনি অধিকার নিয়েও।
সংস্থাটির মালিকানা নেয়াকে নিজের পোর্টফোলিওতে একটি কৌশলগত সংযোজন বলে উল্লেখ করেছেন জাকাপং। মিস ইউনিভার্সের ধারণা ও নীতিকে এশিয়া পর্যন্ত পৌঁছে দিতে চান তিনি।
গতকাল প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর হওয়ার পরপরই শেয়ারের দাম অন্তত ১০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
মিস ইউনিভার্স হলো বার্ষিক ভিত্তিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। মিস ইউনিভার্স অর্গানাইজেশন আয়োজনটি করে থাকে। ৭১ বছর ধরে চলে আসা প্রতিযোগিতাটি এখন ১৬৫টি দেশে আয়োজিত হয়। ১৯৯৬ সালে মালিকানা পেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।