এমিরেটসে পাইলট নিয়োগে ইউরোপে রোডশো
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস নতুন পাইলট নিয়োগের অংশ হিসেবে স্পেন ও পর্তুগালে বিশেষ পাইলট রিক্রুটমেন্ট রোডশো আয়োজন করতে যাচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস নতুন পাইলট নিয়োগের অংশ হিসেবে স্পেন ও পর্তুগালে বিশেষ পাইলট রিক্রুটমেন্ট রোডশো আয়োজন করতে যাচ্ছে। আগামী ৬ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মাদ্রিদ ও লিসবনে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। এতে ক্যাপ্টেন, অ্যাক্সেলারেটেড কমান্ড এবং ফার্স্ট অফিসার পদে আগ্রহী পাইলটদের আবেদন ও ক্যারিয়ার–সংক্রান্ত তথ্য দেওয়া হবে।
এমিরেটস জানিয়েছে, মাদ্রিদের Madrid Marriott Auditorium Hotel & Conference Center-এ ৬ ও ৭ আগস্ট এবং লিসবনের Sheraton Lisboa Hotel & Spa-এ ৮ ও ৯ আগস্ট মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি শহরে তিনটি করে সেশন থাকবে এবং আগ্রহী পাইলটদের পাশাপাশি তাদের জীবনসঙ্গীরাও এতে অংশ নিতে পারবেন।
রোডশোতে অংশগ্রহণকারীদের এমিরেটসের নিয়োগ প্রক্রিয়া, নির্বাচনের ধাপ, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন, ডিউটি রোস্টার, বার্ষিক ছুটি, বেতন-ভাতা এবং দুবাইয়ে স্থানান্তরের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি প্রথমবারের মতো ন্যারোবডি বিমান থেকে ওয়াইডবডি বিমানের ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন নিয়োগ কর্মসূচির বিষয়েও তথ্য তুলে ধরা হবে।
বর্তমানে এমিরেটস তিনটি প্রধান ক্যাটাগরিতে অভিজ্ঞ পাইলট নিয়োগ দিচ্ছে। ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন পদের জন্য ন্যূনতম ৭ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাক্সেলারেটেড কমান্ড প্রোগ্রামের জন্য কমপক্ষে ৫ হাজার ঘণ্টা এবং ফার্স্ট অফিসার পদের জন্য অন্তত ২ হাজার ঘণ্টার বাণিজ্যিক জেট উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের বৈধ ICAO ATPL, ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট এবং ICAO ইংরেজি লেভেল-৫ বা তার বেশি যোগ্যতা থাকতে হবে।
এমিরেটসের পাইলট নির্বাচন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অনলাইনে ভিডিও সাক্ষাৎকার, সাইকোমেট্রিক ও অ্যাপটিটিউড পরীক্ষা এবং ভার্চুয়াল প্যানেল ইন্টারভিউ নেওয়া হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের দুবাইয়ে ডেকে সিমুলেটর মূল্যায়ন, দক্ষতা পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত পাইলটদের দুবাইয়ে বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যা সাধারণত ৪০ থেকে ৫৫ দিন স্থায়ী হয়।
বর্তমানে এমিরেটসের বহরে প্রায় ২৭০টি উড়োজাহাজ রয়েছে এবং বিশ্বের ১৪০টিরও বেশি দেশের প্রায় ৫ হাজার পাইলট এয়ারলাইনটিতে দায়িত্ব পালন করছেন। বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দক্ষ ও অভিজ্ঞ পাইলট নিয়োগে এই ইউরোপীয় রোডশোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দুবাইভিত্তিক বিমান সংস্থাটি।