শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সরকারের চালু করা ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বর্তমানে বিমানবন্দরে অবতরণের পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই যাত্রীরা তাঁদের লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, যাত্রীরা জানিয়েছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন। ব্যাগেজ ব্যবস্থাপনায় সেবার বর্তমান মানে তিনি সন্তুষ্ট। তবে এই মান ধরে রাখা এবং ভবিষ্যতেও যাত্রীদের একই ধরনের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের সুফল যাত্রীরা পেতে শুরু করেছেন। বিশেষ করে লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবায় উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীরা এই ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবার মান বজায় রাখা, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষাসহ বিভিন্ন ধরনের ভোগান্তি কমাতে সরকার কাজ করে যাচ্ছে।

রিয়াদগামী ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা

এদিকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের বিভিন্ন ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী সমস্যায় পড়েছেন। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.