বোমা আতঙ্কে ইউরোপে একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

ইউরোপের আকাশপথে আবারও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউরোপের আকাশপথে আবারও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরপর দুই দিনের বেনামি হুমকিতে একাধিক যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। কয়েকটি ফ্লাইটকে জরুরি অবতরণ করানো হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনায় যাত্রী ও বিমান সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে মঙ্গলবার একই ধরনের হুমকির মুখে পড়েছিল অন্তত সাতটি যাত্রীবাহী উড়োজাহাজ।

সর্বশেষ পরিস্থিতির সূত্রপাত হয় ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজকে ঘিরে। মাঝ আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটি নিরাপত্তাসংক্রান্ত জরুরি সতর্কবার্তা পাঠায়। এরপর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ফ্রান্সের উত্তরাঞ্চলের এভরেক্স বিমানঘাঁটিতে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়।

একই দিনে হেলসিংকি থেকে রোমগামী ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ফিনএয়ারের একটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি অথবা ইতালীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে রোমে নিয়ে যায়। পরে সেটিকে নিরাপদে অবতরণ করানো হয়।

এদিকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগগামী চারটি ফ্লাইটে তাৎক্ষণিকভাবে তৈরি করা বিস্ফোরক বা আইইডি রাখার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দেশটির পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উড়োজাহাজগুলো প্রাগে অবতরণের পর বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী বিশেষ দল দিয়ে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্যালোচনায় চেক পুলিশ জানিয়েছে, এসব হুমকির বিশ্বাসযোগ্যতা ও ঝুঁকির মাত্রা তুলনামূলকভাবে কম।

এ ছাড়া হুমকির মুখে পড়া ফ্লাইটের তালিকায় রয়েছে কোপেনহেগেন, মাদ্রিদ ও লন্ডন থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী রায়ানএয়ারের তিনটি উড়োজাহাজ। পাশাপাশি মিলান থেকে ওয়ারশগামী উইজএয়ার এবং ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটও হুমকি পেয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করে অস্ট্রিয়ার ভিয়েনা এবং বুলগেরিয়ার প্লোভদিভ বিমানবন্দরে অবতরণ করানো হয়। এতে সংশ্লিষ্ট যাত্রীদের যাত্রায় বিঘ্ন ঘটে এবং বিমান সংস্থাগুলোকে জরুরি নিরাপত্তাব্যবস্থা নিতে হয়।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার একই ধরনের হুমকির ঘটনায় কোনো বিস্ফোরক বা বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দিন ইউরোপের বিভিন্ন রুটে এমন হুমকি ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.