শতাধিক হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

hajjচলতি বছর হজ পালনের সময়ে সৌদি আরবে হাজিদের সঙ্গে প্রতারণা, হোটেল বা বাড়িতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি হাজি রাখা ও হাজিদের ঠিকমতো খাবার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ জমা পড়েছে বাংলাদেশি শতাধিক হজ এজেন্সির বিরুদ্ধে। এসব অভিযোগ এখন যাচাই করে দেখছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, চলতি বছর যেসব এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে অভিযোগ জমা পড়েছে সেগুলো সেখান থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় পাঠানো হয়েছে। অভিযুক্ত এজেন্সির সংখ্যা শতাধিক হতে পারে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল ও সংশ্লিষ্ট এজেন্সি মালিককে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৬১৪ জনসহ মোট ১ লাখ ১ হাজার ৮২৯ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরবে যান। বেসরকারি ব্যবস্থাপনার হাজিরা বাংলাদেশি ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে যান। কিন্তু হজ পালন করতে গিয়ে কোনো কোনো হজ এজেন্সির প্রতারণার কারণে সেদেশে গিয়ে নানা ভোগান্তির শিকার হন হাজিরা। কোনো কোনো এজেন্সি-মালিক বেশি লাভের আশায় কম টাকায় হাজিদের নির্ধারিত দূরত্বের থেকে অনেক দূরের বাড়িতে রাখেন। এ ছাড়া একই বাড়িতে নির্ধারিত আসনের বেশি হাজি রাখা, হাজিদের ঠিকমতো খাবার না দেওয়াসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ ওঠে এজেন্সিগুলোর বিরুদ্ধে। এসব অনিয়ম তুলে ধরে মক্কা-মদিনায় বাংলাদেশি হজ মিশনে লিখিতভাবে অভিযোগ করেন ভুক্তভোগী হাজিরা।

এ বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, হজ পালনের সময়ে অনিয়ম করা হয়েছে সৌদি আরবে- প্রতি বছরই বাংলাদেশি হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে এমন কিছু অভিযোগ দাখিল করেন হাজিরা। এবারও এ জাতীয় অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শতাধিক এজেন্সির অপরাধ লঘু ছিল বলে সেগুলো সৌদি আরবেই সুরাহা করা হয়েছে। আর গুরুতর অভিযোগ হজ পালন শেষে সেখান থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা। তবে কী পরিমাণ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে তা আমাদের এখনো জানায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান গতকাল মোবাইল ফোনে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে মক্কা-মদিনায় যেসব বাংলাদেশি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সেগুলো আমরা পেয়েছি। কতটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। সৌদি আরব থেকে আরও অভিযোগ আসতে পারে। আমরা যেসব অভিযোগ পেয়েছি সেগুলো যাচাই-বাছাই করছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.