ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি (১৯) নামে এক আসামি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি পালিয়ে যান। রাব্বি সবুজবাগ থানার অধীনে স্থানীয় একটি মারামারি সংক্রান্ত মামলার আসামি।
জানা গেছে, বিকেলে প্রস্রাব করার কথা বলে বাথরুমের দিকে নিয়ে যান তার ভাই শাওন।
এ সময় ওয়ার্ডের পেছনের দরজা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যান রাব্বি।
অভিযোগ রয়েছে, পাহারারত পুলিশ সদস্যরা আসামির কাছে না থেকে ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্পগুজবে মেতে থাকেন।
টাকার বিনিময়ে আসামির কাছে সব সময় স্বজন থাকা খাওয়ার সুযোগ করে দেন। এধরনের অর্থলোভ ও কর্তব্যে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।