বিদায়ী ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের পরামর্শের তেমন তোয়োক্কা না করলেও করোনার ব্যাপারে বাইডেনের অবস্থান বেশ স্পষ্ট। ক্ষমতায় এসেই নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৫ জানুয়ারি) থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে করোনা ঝুঁকিতে থাকা ইউরোপের ২৬টি দেশসহ ব্রাজিল, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডের নাগরিক মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবে না।
নতুন এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকারী সব যাত্রীকে তিন দিনের মধ্যে করা করোনা নেগেটিভ সনদ রাখতে হবে।
যুক্তরাষ্ট্রে ফেরার পর সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা তা ফেরার পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করা হবে।
কার্যকর হতে যাওয়া এই বাড়তি সতর্কতায় সব বিমান, ফেরি, ট্রেন, বাস, ট্যাক্সি ও রাইড শেয়ারিং পরিবহনের যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে। শুধু খাবার খাওয়া আর পানি ও পানীয় পান করার জন্য অল্প সময়ের জন্য মাস্ক খোলা যাবে বলেও ওই কড়া নির্দেশনায় বলা হয়েছে।
বর্তমানে ১২০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্ষেত্রে কতটা কড়াকড়ি আরোপ করা হবে তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসেনি মার্কিন প্রশাসন বা দেশটির স্বাস্থ্য বিভাগ।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই কড়াকড়ি আরোপের ফলে দক্ষিণ আফ্রিকাসহ মার্কিন নাগরিকদের ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক ড. অ্যানি সাসট এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নতুন ধরনের করোনার সংক্রমণ ঝুঁকি বাড়তে থাকায় আমরা এই নিষেধাজ্ঞার তালিকায় দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছি। আমরা আশা করছি, এতে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধ করা অনেকটাই সহজ হবে।