ইয়াসিন বিন খাইর, কায়রো, মিশর থেকে : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের আকাশে ঈদের চাঁদ বয়ে আনে হাসি-খুশি আর আনন্দের বার্তা। ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে সবাই শামিল হন এক কাতারে। ঈদ যেন সবার হৃদয়ে এঁকে দেয় ভালোবাসার বন্ধন!দূর প্রবাসের আকাশেও প্রতি বছর ঈদের চাঁদ ওঠে। ঈদের আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরাও। তবে এ আনন্দের পেছনে স্বজনদের ছেড়ে আসার যে তীব্র যন্ত্রণা বিরাজ করে তা কেবল প্রবাসীরাই বলতে পারবেন। তবুও থেমে থাকে না ঈদ উৎসব। ভিনদেশের মাটিতেই সকল প্রবাসী এক হয়ে পালন করেন ঈদ। ঈদের আনন্দের মাঝে প্রতিটি প্রবাসীর স্মৃতির অ্যালবামে কেবলই ভেসে উঠে বাংলাদেশের মানচিত্রের ছবি।এক একটি সৃতি যেন এক একটি গল্প।
তারপরও জীবন থেমে থাকে না। ঈদ আসে ঈদ যায়। কাজের টানে, অর্থের টানে যারা দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমান কেবল তারাই জানেন দেশ কী! দেশের প্রতি ভালোবাসা কেমন। শুধু পরিবারের সুখের জন্য বছরের পর বছর তারা কাটিয়ে দেন অজানা দেশে। বাবা-মা, ভাই-বোনের সুন্দর একটা ঈদ উপহার দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যান। ঈদের ছুটি কী তা বেশির ভাগ খেটে খাওয়া প্রবাসীরাই জানেনই না। তারপরও ঈদের দিন মুখে হাসি, হৃদয়ে কষ্ট লুকিয়ে পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
আমরা যারা প্রবাসে থাকি, তারা বুঝি প্রিয়জন পাশে থাকা কী, প্রিয় মাতৃভূমি কী! তাই কামনা করি যারা দেশে আছেন তারা যেন কাছের মানুষগুলোকে ভালোবেসে আঁকড়ে রাখেন। তাহলেই আমাদের দূর প্রবাসের ঈদ সার্থক হবে।
সবাইকে নীল নদের দেশের সকল প্রবাসীদের পক্ষ থেকে ঈদ এর অনেক অনেক শুভেচ্চা।
