চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে।
এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন। এজন্য নিবন্ধন করতে হবে।
আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রী নিবন্ধন।
চলবে ১৮ মে পর্যন্ত।
এই তিনদিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে।
বৃহস্পতিবার (১২ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রী নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে।
হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।
নিবন্ধনের পর কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত পাবেন।
তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।