গেলো রোজায়ও ঈদের পরে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ছিল বিএনপির সিনিয়র নেতাদের মুখে।
আবার একাংশের বক্তব্য ছিল, আন্দোলন দিনক্ষণ বেঁধে হয় না।
আন্দোলন তার স্বাভাবিক নিয়মে পরিস্থিতির উপর নির্ভর করে।
‘ঈদের পর কঠোর আন্দোলন’- এই ট্যাগ লাইন আঁকড়ে নেতাকর্মীদের চাঙা রাখার প্রচেষ্টা বা কৌশল গত আট বছর ধরে চালাচ্ছে বিএনপি।
২০১৪ সালের ২২ জুন বিকেলে তুমুল বৃষ্টির মধ্যে জয়পুরহাটে এক জনসভায় ঈদের পরে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সে বছর ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করার পর তৃতীয়বারের মতো ঢাকার বাইরে জনসভায় দেওয়া ভাষণে খালেদা জিয়া বলেন, ‘ইনশাল্লাহ, ঈদের পর আন্দোলন শুরু করবো।
দুর্নীতিবাজ সরকারকে বিদায় করবো। আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হন।’
বাংলাদেশের রাজনীতিতে কঠোর আন্দোলন কর্মসূচি বলতে হরতাল-অবরোধ পরিচিত। ২০১৪ সালে দেশে ২২টি হরতাল ডাকা হয়।
এর মধ্যে সাতটি ডাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
২০১৫ সালের প্রথম দিনটি ছিল জামায়াতের হরতাল।
৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
কিন্তু কর্মসূচি ঘোষণা করে নেতারা আত্মগোপনে যাওয়ায় এক পর্যায়ে ঘোষণা ছাড়াই শেষ হয় সে অবরোধ।