জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙাসহ যেসব অভিযোগ আনলেন ওমর সানী

গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মারে।
জায়েদ নাকি গত চার মাস ধরে মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করছেন।
সেই জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী।
জায়েদও চুপ ছিলেন না, কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘একেবারে গুলি করে দেব।’

এদিকে রোববার (১২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী।

সেখানে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে বার বার বোঝানোর চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু উক্ত বিষয়ের কোনো সমাধান হয়নি।

অভিযোগে ওমর সানী আরও উল্লেখ করেছেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি তাকে অনুরোধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মনে করি, এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী যেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদে থাকতে না পারে, সেজন্য উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.