সপ্তাহ খানেক ধরে থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। বৃষ্টির কারণে জেলাজুড়ে পাহাড়ধস আতঙ্ক বিরাজ করছে।
মাইকিং করে ঝুঁকিতে পাহাড়ে বা পাদদেশে বাস করা মানুষকে নিরাপদে সরে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন।
তবে দিন-রাত মাইকিং করা হলেও কেউ সরে যেতে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।
থেমে থেমে বৃষ্টিতে পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি। অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।
এরপরও জেলার পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করা অন্তত কয়েক লাখ মানুষকে সরিয়ে আনা যাচ্ছে না।
শুক্রবার (১৮ জুন) থেকে সোমবার (২০ জুন) পর্যন্ত শহর-গ্রামের অনেক রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা অনেকটা তলিয়ে গেছে।
হাঁটু কিংবা তার চেয়েও উচ্চতায় পানি উঠেছে কক্সবাজার শহরের বাজারঘাটা, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, আলীরজাহাল, কলাতলীসহ শহরের নিম্নাঞ্চলে।
পানি উঠেছে ঈদগাঁও বাজার, কালিরছরা, ভোমরিয়াঘোনা, পেকুয়া, চকরিয়ার নিম্নাঞ্চল ও রামুর বাঁকখালীর তীরবর্তী নিচু এলাকায়।