বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জুলিয়া নিবলেট এবং ভুটানের নতুন দূত সোনাম তোবডেন রাবগায়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার তারা রাষ্ট্রপতির ভবনে আলাদাভাবে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। রাষ্ট্রপতি এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
জুলিয়া নিবলেট বলেন, তিনি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে কাজ করবেন। দায়িত্ব পালনকালে নতুন দূত রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে বাংলাদেশে নিযুক্ত ভুটানের নতুন দূত সোনাম তোবডেন রাবগায়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। ভুটানের দূতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, ভুটান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমান্বয়ে বাড়ছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভুটানের কাছে থেকে বিদ্যুৎ আমদানি করতে চায়। তিনি এসময় বিবিআইএন ফ্রেমওয়ার্কের আওতায় ভুটানের দরজিলং (১১২৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশকে ত্রিপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে নেওয়ার প্রশংসা করেন।
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, ওই প্রকল্প সম্প্রসারণ হবে এবং ভুটান তার জলবিদ্যুতের অন্যান্য প্রকল্পেও বাংলাদেশকে সঙ্গে নেবে।
এর আগে নতুন দুই দূতকে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেয়।
