সপরিবার ভিনদেশে একেবারে স্থায়ী হতে যাচ্ছেন না মিম। কোনো নতুন ছবির শুটিংও নয়। নিছক অবকাশযাপনের জন্যই লম্বা ছুটি নিয়ে সপরিবার অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টানা কাজ করে ক্লান্ত মিম জানালেন, লম্বা এই সফরের ফাঁকে ভাববেন না কোনো কাজ নিয়ে।
বর্তমানে ডাবিং চলছে মিম অভিনীত আমি তোমার হতে চাই ছবির। তা শেষ করেই এ মাসের ৩০ তারিখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন তিনি। তাঁর সঙ্গে যাচ্ছেন বাবা, মা ও ছোট বোন।
এই বিদেশ সফর কি নতুন কোনো ছবির শুটিংয়ের কারণে? এই প্রশ্নের জবাবে মিম দিলেন কিছু নতুন তথ্য। বললেন, এবার আর কাজ নয়, পরিবারের সবার সঙ্গে অবকাশযাপনই হলো অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্য। তবে ঘোরাঘুরির পাশাপাশি ছোট বোন প্রজ্ঞা সিনহা মিমের উচ্চশিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের খোঁজও করবেন তিনি।
এ বছরের শুরুর দিকেই সপরিবার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল মিমের। কিন্তু সে সময় ভিসা না পাওয়ায় আর যাওয়া হয়নি। মিম বলেন, ‘এখন সবার ভিসা হয়েছে। ছোট বোনের কলেজও বন্ধ। সেই সুযোগেই যাচ্ছি। আগামী বছর ছোট বোনকে ওখানকার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চাই। তাই এখন থেকেই ভর্তিসংক্রান্ত খোঁজখবর নেওয়া জরুরি।’
মিম জানান, আগামী মাসের শেষ সপ্তাহে তাঁরা দেশে ফিরে ফিরবেন।
আরও খবর