ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইতালি।
শুক্রবার বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর পুনর্গঠনের জন্য ৫ কোটি ইউরো বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।
ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের প্রাণহানির খবর জানা গেছে, আহত হয়েছেন ৩৬৫ জন। পাঁচ হাজার উদ্ধারকারী দ্বিতীয় দিনের মতো ধসে পড়া ভবনের স্তুপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
তবে ভূমিকম্পের পর মুহুর্মুহু পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
পুনর্গঠনের জন্য বিশেষ বরাদ্দের সঙ্গে বিধ্বস্ত এলাকাবাসীদের কর মওকুফ করেছেন রেনজি।পাশাপাশি নিম্নমানের নির্মাণ নিয়ে সমালোচনা ঠেকাতে ‘ইতালিয়ান হোমস’ নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ।
তবে ইতালি সম্পূর্ণভাবে ভূমিকম্প সহনশীল ভবন তৈরি করতে পারে এমন ভাবনাকে ‘অলীক’ বলেছেন তিনি।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণের মান নিয়ে ইতালির গণমাধ্যমগুলোতে সমালোচনা চলছে। ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে তার কতকগুলি সম্প্রতি সংস্কার করা হয়েছে।