বাতিল হচ্ছে অনুমোদন পাওয়া অতিরিক্ত স্লটের হজ ফ্লাইট

B-16-N-02-17-08-2015যাত্রীস্বল্পতায় একের পর এক বাতিল হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট। সংকট মোকাবেলায় সম্প্রতি হজযাত্রী পরিবহনের জন্য সৌদি কর্তৃপক্ষ থেকে নেয়া হয় অতিরিক্ত ১৫টি স্লট। যাত্রী না পাওয়ায় এর মধ্য থেকেও বাতিল হয়েছে তিনটি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সৌদি আরবের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়া ১৫টি হজ ফ্লাইটের মধ্যে তিনটি বাতিল করা হয়েছে। যাত্রী সংকটের কারণে এগুলো বাতিল করা হয়। গত দুদিনে বিমানের দুটি ফ্লাইট বাতিল হওয়ায় ৮০০ হজযাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। এর আগে ১৫টি ফ্লাইট বাতিল হওয়ায় আট হাজার হজযাত্রী এখনো অনিশ্চয়তায় রয়েছেন। এ পর্যন্ত মোট ১৭টি ফ্লাইট বাতিল হওয়ায় ৮ হাজার ৮০০ হজযাত্রী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ জানান, হজযাত্রীরা সময়মতো হাজির হচ্ছেন না, যে কারণে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। পরে সৌদি সরকারের কাছ থেকে ফের এসব ফ্লাইটের অনুমতি নেয়া হয়। কিন্তু যাত্রীস্বল্পতার কারণে ওই অনুমোদিত ফ্লাইটের মধ্যে তিনটি বাতিল করা হয়।

এদিকে হজ পালনের উদ্দেশ্যে ২৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ৩০০ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩৭৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৯ হাজার ৯২৬ জন বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.