শুল্ক গোয়েন্দার অফিসে স্বেচ্ছায় অবৈধ গাড়ি জমা

Car20160831170326রাজধানীসহ দেশব্যাপী শুল্ক ফাঁকি দিয়ে কেনা বিলাসবহুল গাড়ি বিরোধী অভিযানের মধ্যে এবার স্বেচ্ছায় গাড়ি জমা দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার পরিত্যক্ত অবস্থায় শুল্ক গোয়েন্দারা বিলাসবহুল মার্সিডিজ একটি গাড়ি জব্দ করেছে। তবে এর আগেই গাড়ির মালিক গতকাল (মঙ্গলবার) গভীর রাতে শুল্ক গোয়েন্দার কাকরাইলস্থ অফিস সংলগ্ন সড়কে ফেলে রেখে যান। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।

তিনি জানান, গাড়ির ভেতর একটি খোলা চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা আছে, `আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার দখলে থাকা গাড়িটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে জমা প্রদান করছি।`

Carতিনি আরো বলেন, ‘আমি এই গাড়িটি জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে, আমার মত অন্যরাও যেন অনুরুপভাবে অবৈধ গাড়ি জমা প্রদান করেন।’

একইসঙ্গে শুল্ক গোয়েন্দার চলমান অভিযানকে ওই ব্যক্তি স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।

গাড়িটি দুই দরজার লাল রঙের এসএলকে ২৩০ মডেলের মার্সিডিজ বেন্জ। চেসিস নং WDB1704652F415642। গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ২৩০০ সিসি ও ২০০২ সালের তৈরি। ধারণা করা হচ্ছে, গাড়িটি কারনেটের আওতায় দেশে আনা হয়েছিল। শর্ত অনুযায়ী বিদেশে ফেরত নেয়ার কথা থাকলেও শর্ত ভঙ্গ করে কারনেটের সুবিধার অপব্যবহার করে দেশে চালানো হয়।

দেশব্যাপী অবৈধ গাড়ি আটকে অভিযান পরিচালনায় সচেতনতা বৃদ্ধিতে এই গাড়ি স্বেচ্ছায় জমা দেয়া হয়েছে মর্মে অনুমান করা হচ্ছে। এর আগে সিলেটের শুল্ক গোয়েন্দার দফতরে একজন অবৈধ গাড়ির ব্যবহারকারী স্বেচ্ছায় একটি লেক্সাস গাড়ি জমা দিয়েছেন। এই নিয়ে শুল্ক গোয়েন্দা মোট ৩২টি অবৈধ গাড়ি আটক করলো।

জব্দকৃত এই গাড়িটির শুল্কসহ মূল্য প্রায় ৩ কোটি টাকা। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মহাপরিচালক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.