৭৫ হাজার ২শ’ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

27547-haamaবুধবার রাত পর্যন্ত ৭৫ হাজার ২০০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকি আছে ২৫ হাজার ৭০০ জন। আগামী ৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে প্রথম পর্বের হজ ফ্লাইট। এ সময়ের মধ্যে বাকি ২৫ হাজার ৭০০ হজযাত্রী পরিবহন করতে হবে। বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ২৫ হাজার হজযাত্রী সৌদি আরব পাঠাবে।
এদিকে হজযাত্রী সংকটে বিমান আরও ৫টি ফ্লাইট বাতিল করেছে। সব মিলিয়ে এ বছর বিমানের মোট ২১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় দফায় ১৫টি স্লট বরাদ্দ পেলেও আরও ৩টি স্লটের জন্য সৌদি সরকারের কাছে আবেদন জানিয়েছে বিমান। কিন্তু বুধবার পর্যন্ত এসব স্লটের অনুমোদন মেলেনি। বিমানের একটি সূত্র জানায়, বিমান কর্তৃপক্ষ যদি নতুন করে আরও ৩টি স্লটের অনুমোদন পায়ও তারপরও ৬ সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে ৩ হাজার হজ যাত্রী পরিবহন সম্ভব হবে না। স্লট না পেলে এ সংখ্যা আরও বেশি হবে। তবে বুধবার পর্যন্ত ১ লাখ ৯০০ হজযাত্রীর ভিসা চূড়ান্ত করেছে সৌদি আরব।
এ বছর বিমান মোট ৫০ হাজার ৪৫০ জন হজযাত্রী সৌদি আরব পাঠানোর কথা। কিন্তু নানা অনিয়ম-দুর্নীতি, কমিশন বাণিজ্য, টিকিট বাণিজ্য আর সৌদি এয়ারলাইন্সের রহস্যজনক ফ্লাইট পরিচালনার কারণে বিমান ২১টি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইটে বিমান মোট ৯ হাজার হজযাত্রী হারিয়েছে। যার কারণে বিমানের পক্ষে শেষ পর্যন্ত ৩ হাজার হজযাত্রী পাঠানো সম্ভব হবে না। এ কারণে বিমান মন্ত্রণালয় থেকে সৌদি এয়ারলাইন্সকে আরও ৩ হাজার হজযাত্রী পরিবহনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য বলা হয়েছে। সৌদি এয়ারলাইন্স ইতিমধ্যে এই ক্যাপাসিটি বাড়িয়েছে বলে বিমান মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। ধর্ম সচিব আবদুল জলিল যুগান্তরকে জানান, সৌদি এয়ারলাইন্স অতিরিক্ত ৩ হাজার হজযাত্রী পরিবহনের ক্যাপাসিটি বাড়িয়েছে। বিমানের পক্ষে যদি সব হজযাত্রী পরিবহন সম্ভব না হয় তাহলে তাদের সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব পাঠানো হবে। কাজেই শেষ পর্যন্ত হজযাত্রী পরিবহনে কোনো সমস্যা হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.