মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সাহসিকতার সঙ্গে কাজ করছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে নগর ভবনে সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও ধৈর্যশীল ভূমিকা রাখছে। তবে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে ভাবলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে।’
সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছান মার্শা বার্নিকাট। সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে তিনি প্রায় দুই ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।