বাংলাদেশে ‘গ্যালাক্সি নোট ৭’ নিয়ে লুকোচুরি

galaxy-note-7বিশ্বব্যাপী যখন স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের অভিযোগ পাওয়া যাচ্ছিল ঠিক তখনই বাংলাদেশে হ্যান্ডসেটটি আনুষ্ঠানিক উন্মোচন করে গ্রামীণফোন। এরপর দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বব্যাপী বাজারজাত করা সব গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশে এই ফোনের বাজারজাত করার বিষয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্যামসাং এবং গ্রামীণফোন ‘গ্যালাক্সি নোট ৭’ নিয়ে লুকোচুরি করছে।

নতুন এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি বাংলাদেশে বিক্রি করার বিষয়ে খোঁজ নিতে গ্রামীণফোনে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে গ্রামীণফোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব লেন, ‘আমরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি নোট ৭ উন্মোচন করলেও এখনো বাজারজাত শুরু হয়নি। মূলত এখন প্রি-বুকিং চলছিল। তবে আমরা স্যামসাং বাংলাদেশের সাথে কথা বলে জেনেছি বাংলাদেশে যে লট এসেছে সেখানে কোন সমস্যা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে স্যামসাং বাংলাদেশ তাদের পিআর এজেন্সি কনসিটো পিআর-এর মাধ্যমে একটি স্টেটমেন্ট পাঠিয়েছে। তবে সেই স্টেটমেন্ট কোনো প্যাডে দেওয়া হয়নি। কে এই স্টেটমেন্ট দিয়েছে তাও উল্লেখ করা হয়নি। নেই কারও স্বাক্ষরও। সেখানে দেখা গেছে তারা স্যামসাং-এর আন্তর্জাতিক স্টেটমেন্ট অনুবাদ করে পাঠিয়েছে। আর সবশেষে ছোট করে এক লাইনে লেখা হয়েছে, “স্যামসাং বাংলাদেশের একজন মুখপাত্র বলেছেন গ্যালাক্সি নোট ৭ এখোনো বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়নি। আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের এই প্রতিশ্রূতি দিচ্ছি যে, বাংলাদেশে যেই গ্যালাক্সি নোট-৭ আসবে তাতে নিশ্চিত করা হবে সর্বোচ্চ গুনমান।”

স্টেটমেন্টে ‘একজন মুখপাত্র বলেছেন’ বলে উল্লেখ করা হলেও সেখানে কারও নাম দেওয়া হয়নি কেন? জানতে চাইলে স্যামসাং বাংলাদেশের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার তাহাসিনা রাফা প্রিয়.কমকে বলেন, ‘আমাদের পলিসিগত কারণে আমরা মুখপাত্রের নাম দেইনি।’ বাংলাদেশে গ্যালাক্সি নোট ৭ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এই হ্যান্ডসেট বাংলাদেশে আসেনি’। তবে বাংলাদেশে হ্যান্ডসেটটি এসেছে বলে গ্রামীণফোন নিশ্চিত করলেও রাফা বরাবরই তা অস্বীকার করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.