থাইল্যান্ডের অভিবাসী আটক কেন্দ্র, পরিবার ও শিশুদের পাঁচটি আশ্রয়কেন্দ্র এবং পাঁচটি কল্যাণ সুরক্ষা কেন্দ্রে এখনো আটক ৩২৯ জন অভিবাসনপ্রত্যাশী। তাঁদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬ জন। মানবাধিকারকর্মী ও জাতিসংঘ এ কথা জানিয়েছে।
চলতি সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে নৌকায় করে পালানো রোহিঙ্গাদের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হলেও ‘মানবিক ও স্থায়ী সমাধান’-এর পথ এখনো অনেক দূর। নৌকায় করে পালানো ওই ব্যক্তিদের মাত্র তিন ভাগের এক ভাগ পুনর্বাসিত হয়েছে।
‘বে অব বেঙ্গল অ্যান্ড আন্দামান সি ক্রাইসিস রেসপন্স’ শিরোনামে আইওএমের ছয় পাতার প্রতিবেদনে আরও বলা হয়েছে, থাইল্যান্ডে ৩২৯ জন অভিবাসনপ্রত্যাশী আটক রয়েছেন। তাঁরা মানব পাচারের শিকার হয়েছিলেন। ওই ৩২৯ জনের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬ জন। বাকি ৩১৩ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম। ৩২৯ জনের মধ্যে ১১৭ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ১৪৪টি শিশু রয়েছে। ওই প্রতিবেদনে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ানো হয়েছে।
গত বছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগরপথে রোহিঙ্গাদের পালানোর হার ভয়ানক আকার ধারণ করে। আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা অনুযায়ী, গত ১৫ মাসে বাংলাদেশ ও মিয়ানমার থেকে ৮৮ হাজার নারী, পুরুষ ও শিশু সাগরপথে নৌকায় করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়।
আরও খবর