অনাগত সন্তানদের জন্য মুখিয়ে ছিলেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও তার স্ত্রী। কিন্তু সে আর হয়নি। চলতি বছরের ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারান এই অভিনেতা। তবে শোকের নদী শুকায়নি। মাস ঘুরে দিনটি ফিরে এলেই বেদনাক্রান্ত হন অভিনেতা। ছয় মাস কেটে গেলেও কাটেনি তার শোক। সম্প্রতি ইরফান তা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
গত ৫ ডিসেম্বর নিজের ফেসবুকে ইরফান লিখেছেন, ‘প্রতিমাসের পাঁচ তারিখের ভোর রাতটা আমার জন্য খুব ভয়ংকর হয়। ৫ মে ২০২৩ দিনটা যদি না আসত! প্রিয় মায়া।’
আরও এক স্ট্যাটাসে এ অভিনেতা লিখেছেন, ‘যদি পারতাম পৃথিবীর সব শক্তি দিয়ে ওদের ধরে রাখতাম। দিনটি ছিল ৫ই মে ২০২৩।’
জটিল রোগে আক্রান্ত ছিলেন ইরফানের স্ত্রী শারমিন সাজ্জাদ। চিকিৎসা নিতে গিয়েছিলেন চেন্নাইয়ে। সেখানকার চিকিৎসক জানিয়েছিলেন, অভিনেতার অন্তঃসত্ত্বা স্ত্রী মা হওয়ার পর অস্ত্রোপচার করাতে হবে। কেননা অস্ত্রোপচারের পর মা হতে পারবেন না তিনি। চিকিৎসকের কথামতো চলছিল অপেক্ষা। কিন্তু ৫ মে ভোররাতে গর্ভপাত ঘটে ইরফানের স্ত্রীর।
এই ট্রমা থেকে বের হতে সময় লেগেছে ইরফান ও তার স্ত্রীর। নিজেদের ধীরে ধীরে সামলে নিয়ে কাজে ফিরেছেন তারা।
এ প্রসঙ্গে ইরফান বলেন, ‘স্ত্রী কাজে ফেরায় আমিও বাইরে এসে ১০ দিন শুটিং করার সুযোগ পেয়েছি। নতুন করে সবকিছু শুরু করছি। এটা আমার দ্বিতীয় যাত্রা। দুই বছর স্ত্রীকে নিয়ে চেন্নাইয়ে ছিলাম। নিয়মিত কাজ করিনি। পরে তো সন্তান মারা গেল। তারপরের তিন মাসে জীবন অনেক কিছু শিখিয়েছে। এই ইরফান সাজ্জাদ যে এখন কাজ করছে, এটা আমার সেকেন্ড ইনিংস।’