সৌদি আরবের কাছে ১১৫ কোটি ডলারের ট্যাঙ্ক ও অন্যান্য সমরাস্ত্র বিক্রির বিল অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বুধবার সিনেটে ৭১-২৭ ভোটে এ বিলটি পাস হয়।
এর আগে কয়েকজন সিনেটর সমরাস্ত্র বিক্রির এই বিলটি বাতিলের প্রস্তাব করেছিলেন। রিপাবলিকান দলের সিনেটর র্যা ন্ড পল ও ডেমোক্রেটিক দলের সিনেটর ক্রিস মার্ফি এই প্রস্তাব করেছিলেন।
ইয়েমেনে গত ১৮ মাস ধরে চলা যুদ্ধে সৌদি আরবের ভূমিকায় উদ্বেগ জানিয়ে এবং এই বিক্রির মাধ্যমে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতায় আরো ইন্ধন যোগাতে পারে বলে আপত্তি তুলেছিলেন তারা। তবে বিলটি সমর্থনকারীরা যুক্তি দেখিয়েছেন, ওই অঞ্চলে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির মার্কিন সহযোগিতার প্রয়োজন রয়েছে।
গত ৯ অগাস্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সৌদি আরবের কাছে ১৩০টি আব্রাহাম ট্যাঙ্ক, ২০টি আর্মাড রিকভারি ভেহিকল ও অন্যান্য যন্ত্রপাতি বিক্রির বিষয়টি অনুমোদন করেছে বলে জানিয়েছিল।
দ্য ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, জেনারেল ডায়নামিক্স করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এই লেনদেনের প্রধান ঠিকাদার হতে পারে ।