মন্ত্রিসভায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধনীর প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শাজাহান খানের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশনে অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব সরকারের কাছে দাখিল করা হয়েছে। এই আইনটি সংশোধনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুযায়ী আইনের খসড়াটি সংশোধন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি যাচাই বাছাই শেষে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জাতীয় সংসদে পাঠানো হবে।
সড়কমন্ত্রী জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ওই আইনের মোটরযান বীমা সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দণ্ড সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
