বেকারত্ব, সন্ত্রাসবাদ, পররাষ্ট্রনীতি এবং বর্ণবাদ নিয়ে বাদানুবাদ ছাড়াও ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মুখোমুখি প্রথম বিতর্ক। নিউ ইয়র্কের হেম্পস্টেডে হাফসট্রা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় সোমবার রাতে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, পুরো বিতর্কেই ট্রাম্পকে অগোছালো মনে হলেও বিপরীতে হিলারি ছিলেন অনেক গোছালো।
৯০ মিনিটের এই বিতর্কে বারবার কথা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে গেছেন ট্রাম্প, আর তার ‘অযাচিত’ চিৎকারের জবাব হিলারি দিয়েছেন কথায়।
বিতর্কের প্রথম ২৬ মিনিটে হিলারি ক্লিনটনের কথায় ২৫ বার ব্যাঘাত ঘটিয়েছেন ট্রাম্প। বারবার বাধা দিয়েছেন উপস্থাপক লেস্টার হল্টকেও।
এনবিসি টিভির উপস্থাপক লেস্টর হল্টছিলেন এই বিতর্কের সঞ্চালক।
নির্বাচনের আগে প্রার্থীদের মুখোমুখি বিতর্ক মার্কিন নির্বাচনের একটি ঐতিহ্য। সোমবারের বিতর্কটিকে টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকবহুল বিতর্ক বলে বলা হচ্ছে। অন্তত ১০০ মিলিয়ন (১০ কোটি) মানুষ টিভিতে এ বিতর্কটি দেখেছেন।
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেন জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল বিতর্কে গত ৫০ বছরের দর্শক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মার্কিন দর্শক ২০১২ সালের ৩ অক্টোবরে অনুষ্ঠিত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাম ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনির মধ্যকার বিতর্কটি দেখেছিলেন। ওই বিতর্ক দেখেছেন চার কোটি ৬২ লাখ মার্কিনি।
গত দেড় বছরে হিলারি ও ট্রাম্প অসংখ্য বিতর্কে অংশ নিলেও তিন পর্বের এই মুখোমুখি বিতর্ককে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, অন্তত ৫০ শতাংশ ভোটার এ বিতর্কগুলো দেখেই ভোট দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাকি দুটি বিতর্ক আরও পরে নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে।
বিতর্কে দুই প্রার্থী বেকারত্ব, সন্ত্রাসবাদ, পররাষ্ট্রনীতি এবং বর্ণবাদ নিয়ে বাদানুবাদে জড়িয়েছেন। পারস্পরিক বিতর্ক ব্যক্তিগত আক্রমনে রূপ নেয় যখন উভয়ই উভয়কে প্রেসিডেন্ট পদের জন্য অনুপযুক্ত দাবি করেন।
নিজের আয়কর রিটার্ন প্রকাশ না করায় ট্রাম্পকে আক্রমন করেন হিলারি। জবাবে ট্রাম্প বলেন, তার অায়কর রিটার্ন এখন খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এটি শেষ হলেই তিনি তা প্রকাশ করবেন।
তবে হিলারিকে খোঁচা দিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি তার আয়কর রিটার্ন প্রকাশ করবেন যদি হিলারি তদন্ত চলাকালীন ডিলিট করে দেয়া তার ৩০ হাজার ব্যক্তিগত ইমেইল প্রকাশ করেন।’
ডেমোক্রেট প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জাতিগত বিদ্বেষ, লিঙ্গ বৈষম্যমূলক আচরণ এবং কর খেলাপের মত অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে চেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষের মন্ত্রীত্বের দিনগুলোর কাজের সমালোচনা করেছেন, প্রশ্ন তুলেছেন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে তার আন্তরিকতা নিয়ে।
আইএস’র বিস্তৃতি নিয়ে হিলারিকে অাক্রমন করে ট্রাম্প বলেন, ‘আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ‘বিস্তৃত’ হয়েছে। যখন এটি ক্ষুদ্র একটি গোষ্ঠী ছিল তখন আপনি মন্ত্রী হন, আর এটি এখন ৩০টির বেশি দেশে বিস্তৃত, তখন আপনি একে থামাতে পারবেন বলে আমি মনে করি না।’
আইএসকে ঠেকাতে ইরাকের তেলের উপর পুরোপুরি মার্কিন আধিপত্য স্থাপনের অঙ্গীকার করেন ট্রাম্প। আর উত্তর কোরিয়াকে থামাতে চীনের সাহায্য নেয়ারও আগ্রহ প্রকাশ করেন এ রিপাবলিকান প্রার্থী।
কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হিলারির শারীরীক সক্ষমতার বিষয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।
এদিকে সিএনএন/ওআরসির এক জরিপে দেখা গেছে, প্রথম বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ মনে করেন হিলারি জয়ী হয়েছেন। আর মাত্র ২৭ শতাংশ মনে করেন ট্রাম্প জয়ী হয়েছেন।
https://youtu.be/ZEHPrYUcoi0