লিবিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় সিরত শহরের একটি তেলক্ষেত্র থেকে দুই বাংলাদেশিকে জিম্মি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের সঙ্গে জিম্মি করা হয়েছে আরও সাত বিদেশি নাগরিককে। গত শুক্রবার সিরতের দক্ষিণাঞ্চলের আল-গণি নামে ওই তেল ক্ষেত্রে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ৯ জনকে অপহরণের পর আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। অপহৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন, তাঁর বাড়ি জামালপুরে, পাসপোর্ট নং বি০১৫৬৫৫৩। আজ সোমবার এক বিবৃতিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার আল-গণি তেল ক্ষেত্রে হামলা চালিয়ে দুই বাংলাদেশিসহ নয় বিদেশিকে অপহরণের আগে ১১ নিরাপত্তারক্ষীকে হত্যা ও তাদের একজনের শিরোচ্ছেদ করে আইএস। তবে এর পরই তেল ক্ষেত্রটি পুনর্দখল করতে লড়াইয়ে নামে স্থানীয় বাহিনী। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ত্রিপোলি দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আইএস ওই বাংলাদেশিকে ঠিক কোথায় নিয়ে গেছে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে দূতাবাস। এজন্য লিবিয়ার জাতীয় তেল কোম্পানি (এনওসি) ও তেল ক্ষেত্রটির তত্ত্বাবধায়ক কোম্পানি ভাওসের সঙ্গেও যোগাযোগ রাখছে দূতাবাস।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনেও অপহৃত ৯ বিদেশির মধ্যে দুইজন বাংলাদেশি থাকার কথা উল্লেখ করা হয়েছে।