ঢাকা: অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রোমের ফুইমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর।
মধ্যরাতে বিমানবন্দরের টার্মিনাল-৩ এ যাত্রীদের মালপত্র সংরক্ষণের স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৭ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা (আন্তর্জাতিক সময় দুপুর ১২টা) পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হবে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি জানিয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অন্তত ২০টি অগ্নিনির্বাপক দলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।