থানায় আনার ১৫ মিনিটের মধ্যে আত্মহত্যা!

hgfকুড়িগ্রামের ফুলবাড়ী থানাহাজতে আজ শনিবার দুপুরে গলায় কম্বল পেঁচিয়ে আনিসুর রহমান (৩৭) নামের এক আসামি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের ভাষ্য, আনিসুরকে থানায় নিয়ে আসার ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুল রশিদের ভাষ্য, উপজেলার অনন্তপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির হাবিলদার শফিকুল ইসলাম দুই কেজি গাঁজাসহ আনিসুরকে আটক করে দুপুর সাড়ে ১২টায় থানায় সোপর্দ করেন। এরপর আনিসুরকে হাজতে রাখা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
ওসি বজলুল দাবি করেন, বেলা পৌনে একটার দিকে এক প্রহরী এসে তাঁকে জানান, আনিসুর গলায় কম্বল পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন। জানালার গ্রিলের সঙ্গে কম্বল বেঁধে তিনি এই ফাঁস দেন। এ সময় হাজতের আশপাশে কেউ ছিল না। আনিসুরকে উদ্ধার করে পুলিশ ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা এরশাদুল হক বলেন, আনিসুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসি বজলুলের দেওয়া তথ্যমতে, আনিসুরের বাড়ি কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ায় (গাড়িয়াল পাড়া)। তাঁর বাবার নাম মোজাহার হোসেন। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.