বলিউডে পুরুষকেন্দ্রিকতার বাইরে গিয়ে সাফল্যের সকল সংজ্ঞা নতুন করে লিখে যাচ্ছেন ‘কুইন’ কন্যা কঙ্গনা রানাউত। নারীপ্রধাণ চরিত্র আসমুদ্র হিমাচল ঝড় তুললেও ভান্ডারে ১০০ কোটির পালক ছিলনা এতদিন। নিজের নতুন ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ দিয়ে সে অতৃপ্ততা দূর করেছেন ২৯ বছর বয়সী ‘কৃষ’ খলনায়িকা কঙ্গনা।
ছবি মুক্তির ১১ দিনেই এখন পর্যন্ত শুধু ভারতেই ১০৩ কোটি ৪২ লাখ রুপি আয় করেছে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’। চলতি বছরে বলিউডে ১০০ কোটি রুপির ঘরের প্রথম সদস্য এটাই।
বহির্বিশ্বেও সাড়া ফেলেছে এই ছবি। আমেরিকায় ১২ কোটি ১৭ লাখ, কানাডায় ১ কোটি ৯৫ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ৯ কোটি ৫২ লাখ, যুক্তরাজ্যে ৪ কোটি ৪ লাখ, অস্ট্রেলিয়ায় ২ কোটি ৮ লাখ, নিউজিল্যান্ডে ৪১ লাখ ৯০ হাজার, মালয়েশিয়ায় ২ লাখ ৬৩ হাজার, পাকিস্তানে ২ কোটি ৫১ লাখ এবং চীনে ৭৮ কোটি ৮ লাখ রুপি আয় করেছে ‘তনু ওয়েডস মনু’র (২০১১) দ্বিতীয় কিস্তিটি।
সাফল্যের তুলনামূলক বিচারে কঙ্গনা টপকে গেছেন বলিউড বাদশা শাহরুখ খানকে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ঘরে এনেছে ২৮ কোটি ৩ লাখ রুপি। কিন্তু শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ২৫ কোটি ২৩ লাখ রুপি আর ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহে আয় করেছিলো ২২ কোটি ২৩ লাখ রুপি।
লক্ষণীয় আরেকটি বিষয়- ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মাধ্যমে বলিউডে প্রথমবারের মতো নারীকেন্দ্রিক কোনো ছবি ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করলো।
এর আগে, বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’ ৮০ কোটি রুপি পর্যন্ত আয় করেছে। কঙ্গনার নারীকেন্দ্রিক ছবিগুলোর মধ্যে ‘কুইন’ ৬১ কোটি, ‘তনু ওয়েডস মনু’ ৩৮ কোটি ৪৭ লাখ এবং ‘রিভলভার রানী’ ১০ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে।
‘তনু ওয়েডস মনু’র মতো এবারের ছবিও পরিচালনা করেছেন আনন্দ এল. রাই। শুধু ব্যবসাই নয়, দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। এতে দ্বৈত চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে।
আগেরটার মতো এবারও তার সহশিল্পী মাধবন। গত বছর ‘কুইন’-এর মাধ্যমে কঙ্গনা সাফল্য আর প্রশংসার যে দুর্লভ পাহাড়ে উঠেছিলেন, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ তাকে আরো একধাপ উঁচুতে তুলে দিয়েছে বলে অভিমত রেখেছেন দর্শক-সমালোচকেরা।
