‘হাততালি দেবেন না, অয়েলিং পছন্দ না’

aditya_sm_470390057দুর্নীতি দমন কমিশন (দুদক) হবে দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের নাম। আর যারা দুর্নীতি করেন না, তাদের জন্য দুদক হবে বটবৃক্ষ।

সোমবার (১৪ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন কথা বলেন নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুদককে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। দেশের জনগণ যেনো প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখতে পারে, সে অনুযায়ী কাজ করা হবে।

দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, ‘পদোন্নতি হবে কাজের ওপর মূল্যায়ন করে’।
এ সময় দুদকের কর্মকর্তারা হাততালি দিয়ে সমর্থন জানালে নতুন এ চেয়ারম্যান বলেন, ‘হাততালি দেবেন না প্লিজ…আমি হাততালি পছন্দ করি না, ফুল নেওয়া পছন্দ করি না। কোনোভাবে অয়েলিং আমার পদন্দ না’।

তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরতদের কাছে তার সমালোচনা সামনে এসে করার অনুরোধ জানান।

তিনি বলেন, দুদকের কোনো কর্মকর্তা যদি দুর্নীতি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো নিশ্চিত করতে হবে। সবার অংশগ্রহণে দুদকের কাজ হবে পরিচ্ছন্ন।

মতবিনিময় সভায় দুদকের নতুন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি দুদকের কর্মকর্তাদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, সচিব আবু মো. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের মহাপরিচালক, পরিচালকসহ দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

নিজের ঘর আগে ঠিক করবো
এদিকে দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের বলেন, আমি চেষ্টা করবো, আমার নিজের ঘর ঠিক করতে। দুদকের মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে সেটা মুক্ত করবো।

তিনি বলেন, এটা সত্য যে, এ প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা আছে। সেটা যেনো না থাকে সে চেষ্টা থাকবে।
বাংলাদেশ ব্যাংক থেকে ৮শ’ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরির বিষয়ে দুদক অনুসন্ধান করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, দুদক একটি স্বাধীন কমিশন। যেখানে দুর্নীতি হবে সেখানেই যাবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এবং ৠাব বিষয়টির তদন্ত করছে। আমরা বিষয়টির দিকে নজর রাখছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.