দুর্নীতিবাজদের জন্য দুদক হবে আতঙ্কের নাম আর যারা দুর্নীতি করে না তাদের জন্য দুদক বটবৃক্ষ হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, দুদকের কোনো কর্মকর্তা যদি দুর্নীতি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা- এগুলো নিশ্চিত করতে হবে। সবার অংশগ্রহণে দুদকের কাজ হবে পরিচ্ছন্ন। দুদককে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। দেশের জনগণ যেন প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখতে পারে সে অনুযায়ী কাজ করা হবে।
এ সময় দুদকের কর্মকর্তারা হাততালি দিয়ে তার বক্তব্যের সমর্থন জানান। তবে তখন তিনি বলেন, ‘হাততালি দেবেন না প্লিজ…আমি হাততালি পছন্দ করি না, ফুল নেওয়া পছন্দ করি না। কোনোভাবে ওয়েলিং (তোষামোদ) আমার পছন্দ না।’ তার সমালোচনা সামনে এসে করার অনুরোধও জানান ইকবাল মাহমুদ।
বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরির বিষয়ে দুদক অনুসন্ধান করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘দুদক একটি স্বাধীন কমিশন। যেখানে হবে দুর্নীতি হবে সেখানেই যাবে। বাংলাদেশ ব্যাংক ও র্যাব বিষয়টি তদন্ত করছে। আমরা বিষয়টি নজর রাখছি।’
তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করব আমার নিজের ঘর ঠিক করতে। দুদকের মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে সেটা মুক্ত করব। এটা সত্য যে এ প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা আছে। সেটা যেন না থাকে সে চেষ্টা থাকবে।’
