সৌদি আরবে ওমরাহ্ হজ পালনে ব্যাংক গ্যারান্টির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি আবর সরকারের অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা তার এজেন্টের অনুকূলে সর্বোচ্চ দুই লাখ রিয়াল গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড ইস্যু করা যাবে। আগে গ্যারান্টির সর্বোচ্চ পরিমাণ ছিল এক লাখ রিয়াল মূল্যমানের মুদ্রা।
প্রজ্ঞাপনে গ্যারান্টির পরিমাণ ব্যতীত পূর্বের শর্তাবলী বহাল রাখা হয়েছে। এতে করে ব্যাংকগুলোকে আবেদনকারীর ধর্ম মন্ত্রণালয়, বেসামারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের হালনাগাদ সনদ এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রত্যয়নপত্র যাচাই করতে হবে। একই সঙ্গে নিবাসী অনুমোদিত ওমরাহ্ এজেন্ট এবং সৌদি সরকার অনুমোদিত ওমরাহ এজেন্টের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক বলবৎ চুক্তি থাকতে হবে। আবেদনকারী এজেন্টের অতীত কার্যক্রম সন্তোষজনক হতে হবে। এছাড়া ব্যাংক গ্যারান্টি বা পারফরম্যান্স বন্ড নগদায়নের প্রেক্ষিতে বেনেফিশিয়ারির অনুকূলে রেমিট্যান্স সম্পন্ন করার ক্ষেত্রে বিশদভাবে কারণ বিশ্লেষণপূর্বক বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।
