দৃষ্টি এখন মানবসম্পদ উন্নয়নে: পলক

Palak-Hi-tchপেশাদার তথ্যপ্রযুক্তি কর্মীর জন্য কর্মস্থান তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ‘ডেভলপমেন্ট অব আইটি পার্কস ফর এমপ্লয়েমেন্ট’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, “এ সরকার মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্বারোপ করছে। আগামী দুই বছরের মধ্যে এক লাখ প্রশিক্ষিত আইটি প্রফেশনালস এই খাতে যোগ দিবে।”

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ‘ওয়ান বাংলাদেশ’ ক্যাম্পেইনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ক্যাম্পেইনে ১০০ কোটি ডলার রপ্তানি ও ১০ লাখ পেশাদার তথ্য-প্রযুক্তি কর্মী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।”

পেশাদার তথ্য-প্রযুক্তি কর্মী তৈরির জন্য ‘স্টার্টআপ বাংলাদেশ’ এর মতো উদ্যোগে নেওয়া হয়েছে বলেও জানান পলক।

তিনি বলেন, “ইতোমধ্যে আমরা চারশটির মত প্রপোজাল পেয়েছি। প্রতিযোগিতায় সেরা ৫০ জনকে দীর্ঘমেয়াদে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির সঙ্গে যোগাযোগ, বিনিয়োগসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা পেতে সহায়তা করা হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, সরকারিভাবে বিদেশি কোম্পানি থেকে আইসিটি পণ্য কেনা হয়, এখানে স্থানীয় কোম্পানিগুলো তেমন সুযোগ পায় না। এ বিষয়ে সরকারকে নজর দেওয়া উচিৎ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এডিবির (দক্ষিণ এশীয় বিভাগ) হিউম্যান অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট বিভাগের পরিচালক সাংসুপ রা, বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।

কর্মশালায় আইসিটি বিভাগের এলআইসিটি প্রজেক্টের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অপর একটি প্রবন্ধ উপস্থাপন করে এডিবি ইন্টারন্যাশনাল স্টাফ কনসালটেন্ট মহিউদ্দিন আলমগীর বলেন, সাইবার নিরাপত্তা এখন বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে একটি বড় সমস্যা।

“সরকারের কাছে আবেদন থাকবে একটি হাইটেক পার্ককে সুনির্দিষ্ট করে দিতে হবে যেখানে সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা হবে।”

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.