নয়াদিল্লি থেকে আরো একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরো একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার।

আজ বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইটটি আগামী ৫ মে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছাড়বে। ঢাকায় ফিরতে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে যারা আগামী ২ মে’র বিশেষ ফ্লাইটের টিকিট পাননি তারা আগামী ৫ মে’র ফ্লাইটের টিকিট কেনার পরিকল্পনা করতে পারেন।

বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের জন্য হাইকমিশন বাংলাদেশ ও ভারত দুই দেশের কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। তবে কর্তৃপক্ষ আন্তঃসীমান্ত করোনাভাইরাস বিস্তারের বিষয়টি বিবেচনা করে আন্তর্জাতিক ভ্রমণ নিরুত্সাহিত করেছে।

হাইকমিশন আরো জানায়, বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার বিষয়ে তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে যোগাযোগ ও বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) বর্ণিত নির্দেশনা অনুসরণ করা যেতে পারে। দিল্লিতে বিমান অফিসের ফোন নম্বর +৯১ ৮৩৭৭৮ ৩৩৬০৯।

এর আগে গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রয়োজনীয় সংখ্যক যাত্রী থাকা সাপেক্ষে আগামী ১ মে কলকাতা থেকে, ২ মে নয়াদিল্লি থেকে এবং ৩ মে মুম্বাই থেকে বিমানের তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের ওই তিনটি বিশেষ ফ্লাইট ছাড়াও আগামী ৩০ এপ্রিল, ১ ও ২ মে ইউএস বাংলার তিনটি বিশেষ ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের চেন্নাই থেকে ঢাকায় ফিরিয়ে আনবে।

Comments (0)
Add Comment