অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে করোনাভাইরাস সংকটে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর কর্মপন্থা ঠিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
সোমবার জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, “ঝুঁকির মুখে থাকা দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে একটি সুস্পষ্ট কর্মপন্থা ঠিক করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।
“এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সহায়তা, অভিবাসী কর্মীদের চাকরির সুরক্ষা এবং চিকিৎসা, জরুরি খাদ্য, সেবা ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার রূপরেখা থাকতে হবে।”
ন্যামের বর্তমান সভাপতি দেশ আজারবাইজানের আহ্বানে অনুষ্ঠিত হয় সংস্থার ‘কনটাক্ট গ্রুপ সামিট’। এতে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট ও ন্যামের সভাপতি ইলহাম আলিয়েভ।
বাংলাদেশের অর্থনীতির দুই চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প ও রেমিটেন্সে করোনাভাইরাসের বিরূপ প্রভাবের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “এমন সংকট সমাধানে ন্যামের সদস্য দেশগুলোকে উদ্ভাবনী সমাধান ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে হবে।”
করোনাভাইরাস মোকাবেলায় ন্যামকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বহুপাক্ষিক ও আন্তর্জাতিক সহমর্মিতার মধ্যে ন্যামের করোনাভাইরাস মোকাবেলার পদক্ষেপ নিহিত থাকতে হবে, যা অর্জিত হবে জি-৭, জি-২০ এবং জাতিসংঘের সঙ্গে গতিশীল অংশীদারিত্বের মাধ্যমে।”
ন্যামভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা ওই অনলাইন সম্মেলনে যোগ দেন।