ব্যস্ততম রুটে ভাড়া কমাচ্ছে এই বিমান সংস্থা

সিডনি-মেলবোর্ন অস্ট্রেলিয়ার ব্যস্ততম একটি রুট। জনগণকে আকাশপথে ভ্রমণে উদ্বুদ্ধ করতে এ রুটে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে কান্তাস এয়ারওয়েজ। অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির শতভাগ সাবসিডিয়ারি জেটস্টার এয়ারওয়েজে সিডনি-মেলবোর্ন রুটে চলাচলে যাত্রীদের ন্যূনতম ভাড়া গুনতে হবে ১৯ অস্ট্রেলীয় ডলার (১২ মার্কিন ডলার)। খবর ব্লুমবার্গ।

বিমান সংস্থা জেটস্টার অস্ট্রেলিয়ার অন্যতম বাজেট এয়ারলাইনার। এর মূল প্রতিষ্ঠান কান্তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়েস জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে জেটস্টার স্বল্প খরচে যাত্রীদের পরিবহন সেবা দেবে। সিডনি থেকে মেলবোর্ন ফ্লাইটে টিকিটের দাম রাখা হবে ১৯ থেকে ৩৯ অস্ট্রেলীয় ডলারের মধ্যে। জয়েস বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ভ্রমণকে ফের জনপ্রিয় করে তুলতে আমাদের কিছু প্রণোদনামূলক পদক্ষেপ নিতে হবে।’

সিডনি-মেলবোর্ন আকাশপথে বিশ্বের পঞ্চম ব্যস্ততম রুট। ওএজি এভিয়েশন ওয়ার্ল্ডওয়াইডের হিসাব অনুযায়ী, প্রতি বছর এ রুটে এক কোটি যাত্রী চলাচল করে। পৌনে দুই কোটি যাত্রী নিয়ে এ তালিকায় সবার ওপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার জেজু-সিউল রুট।

Comments (0)
Add Comment