কানাডা থেকে ফেরার অপেক্ষায় দিন গুনছেন ৫শ’র বেশি প্রবাসী বাংলাদেশি

বাংলাদেশ বিমান ভাড়া নেওয়ার চিন্তাভাবনা করছে কানাডা

এভিয়েশন নিউজ রিপোর্ট:

কানাডা থেকে ফেরার অপেক্ষায় দিন গুনছেন ৫শ’র বেশি প্রবাসী বাংলাদেশি।কানাডিয়ান দূতাবাস থেকে এ বিষয়টি সরকারকে অবহিত করা হলে সরকার প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সম্মতি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এ অবস্থায় কানাডিয়ান দূতাবাস বাংলাদেশি এসব যাত্রীদের বাংলাদেশে পাঠানোর জন্য একটি বিশেষ এয়ারক্রাফট ভাড়া করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানের সাথে কথা বলেছে সে দেশের সরকার। যেই বিমান সংস্থাটি ভাড়া কম নিবে ওই সংস্থার বিমান ভাড়া করা হবে বলে সংশ্লিষ্ট দূতাবাস সূত্রে জানা গিয়েছে।

বাংলাদেশ বিমানের একটি সূত্রে জানা গিয়েছে যে, যদি কানাডিয়ান সরকার বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় তাহলে বিমান কাতার এয়ারওয়েজের চেয়ে ভাড়া অনেক কম নিবে।

বিষয়টি নিয়ে দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার চলছে বলে জানা গিয়েছে।

কানাডিয়ান দূতাবাস সূত্রে জানা গিয়েছে, তাদের দেশে প্রবাসী বাংলাদেশী ছাড়াও বেশ কয়েকজন কানাডিয়ান নাগরিক বাংলাদেশে আসার জন্য তালিকাভুক্তি করেছেন।

সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমানে টরন্টোর সাথে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনার কোনো রুট পারমিশন নেই।করোনা ভাইরাসের কারণে বিশেষ পারমিশন নিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। যদি বিমানের ফ্লাইট ভাড়া করা হয় এবং বাংলাদেশ থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করার অনুমতি মেলে তাহলে বিপুল সাড়া মিলবে।

Comments (0)
Add Comment