জার্মানির প্রধান বিমান সংস্থার অস্তিত্ব রক্ষার স্বার্থে সরকার বিশাল অঙ্কের সহায়তা করতে চলেছে৷ প্রতিকূল অধিগ্রহণ মোকাবিলা ও কর্মসংস্থানের স্বার্থে সরকার সাময়িকভাবে লুফথানসার শেয়ার কিনছে৷
অন্যান্য অনেক ছোট-বড় কোম্পানির মতো করোনা সংকটে বিপর্যস্ত জার্মানির বিমান সংস্থা লুফথানসা৷ বিমান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার ফলেবিশাল অঙ্কের লোকসানের মুখ দেখতে হচ্ছে৷ পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না৷ অস্তিত্বের সংকট দেখা দেওয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিলো জার্মানির ফেডারেল সরকার৷ কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর ৯০০ কোটি ইউরো বিনিয়োগ করে এবং ২০ শতাংশ মালিকানার অংশীদার হয়ে এ যাত্রায় জার্মানির সবচেয়ে বড় বিমান সংস্থাকে রক্ষা করতে এগিয়ে এলো আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ তবে শর্ত হিসেবে ভবিষ্যতে শেয়ারের মালিকদের জন্য ডিভিডেন্ড বন্ধ রাখতে হবে৷ ম্যানেজারদের বেতন ও ভাতা বাড়ানোও চলবে না৷ পরিচালকমণ্ডলীতে সরকারের দুই প্রতিনিধি থাকবেন৷
জার্মানির সরকার এক ঢিলে অনেকগুলি পাখি মারতে পারতে চায় বলা চলে৷ দেশের প্রধান বিমান সংস্থার সুরক্ষার পাশাপাশি বিশাল সংখ্যার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এই সিদ্ধান্ত৷ তাছাড়া সরকারি অংশিদারিত্বের ফলে অন্য কোনো সংস্থা দুর্বলতার সুযোগ নিয়ে লুফটহানসা অধিগ্রহণ করতে পারবে না৷ এমন প্রচেষ্টার ক্ষেত্রে সরকার আরও পাঁচ শতাংশ শেয়ার কিনে ভেটো প্রয়োগ করতে পারবে৷ এই সংস্থাকে আরও সাহায্য করতে জার্মান পুনর্গঠন ব্যাংক এবং কিছু বেসরকারি ব্যাংক তিন বছরের জন্য আরও ৩০০ কোটি ইউরো অঙ্কের ঋণ দিচ্ছে৷