কারফিউ অমান্য করে মিশিগানে বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-টিয়ার শেল নিক্ষেপ

পুলিশ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে কারফিউ অমান্য করে বিক্ষোভরত জনতাকে রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছে। সেইসঙ্গে কারফিউ অমান্যকারী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তৃতীয় দিনের মতো গতকাল রোববার দুপুর থেকে ডেট্রয়েটে শুরু বিক্ষোভ মিছিল। আস্তে আস্তে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে শুরু করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা ডেট্রয়েট পুলিশ সদরদপ্তরের সামনে একটি মাঠে জড়ো হয়। এখানে আয়োজিত সমাবেশ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। ডেট্রয়েট শহরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টায় কারফিউ শুরু হলেও সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছিলেন।

রোববার রাত সোয়া ৮টার দিকে সমাবেশ শেষ করে বিক্ষোভকারীরা পুলিশের মুখোমুখি হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ‘নো জাস্টিস, নো পিস’ স্লোগান দিতে শুরু করে। এ পর্যন্ত শান্তিপূর্ণই ছিল বিক্ষোভ কর্মসূচি। রাত ৮টা ৪৫ মিনিটে পুলিশ অ্যাকশনে যায়, শুরু হয় ধরপাকড়। একইসঙ্গে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ব্যাপক অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

এদিকে মিনেসোটায় পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে গত শুক্রবার ও শনিবার ডেট্রয়েটে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এহেন অবস্থায় ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান রোববার সকালে শহরজুড়ে কারফিউ জারি করেন।

তিনি জানান, জননিরাপত্তার জন্য কারফিউ জারি করা হয়েছে। রোববার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

Comments (0)
Add Comment