ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এশিয়ার ৪৮৯টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়ছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস্ হায়ার এডুকেশন’ গতকাল বুধবার তাদের ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ শীর্ষক এই তালিকাটি প্রকাশ করেছে৷

পাঁচটি সূচকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই-বাছাই করে থাকে টাইমস হায়ার এডুকেশন৷ এগুলো হলো শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকাম (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়)৷

পাঁচটি সূচকের মোট স্কোর ৫০০-এর মধ্যে ১২৩ দশমিক ২ পয়েন্ট অর্জন করে ৪০১তম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়৷

পাঁচটি সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথকভাবে অর্জন সাইটেশনে ১৬.৪ পয়েন্ট, ইন্ডাস্ট্রি ইনকামে ৩৬.৬, ইন্টারন্যাশনাল আউটলুকে ৪০.৮, রিসার্চে ১০.৭ ও টিচিংয়ে ১৮.৭। প্রতিটি সূচকের আদর্শ মান ১০০।

তালিকায় প্রথম স্থানে থাকা চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় পাঁচটি সূচকে ৪০০ দশমিক ৮ পয়েন্ট অর্জন করেছে৷

এর আগে টাইমস্ হায়ার এডুকেশনের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১৬ সালে সেরা ২০০ ও ২০১৮ সালে সেরা ৩৫০-এর মধ্যে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়৷ যদিও গত বছর এ র‌্যাংকিংয়ে দেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পায়নি।

টাইমস্ হায়ার এডুকেশনের ৪৮৯ বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের ৫৬টি ও পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে৷ এ ছাড়া জাপানের ১১০টি ও চীনের ৮১টি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে এশিয়ার সেরাদের এই তালিকায়৷

Comments (0)
Add Comment