ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনে

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে। আজ মঙ্গলবার ২৫ জন ক্রিকেটারসহ ৩৯ জনের দল একটি চাটার্ড বিমানে করে ম্যানচেস্টারে পৌঁছায়। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তারা ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন।

পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যদের গতকাল সোমবার দেশ ছাড়ার আগে করোনাভাইরাস টেস্ট করা হয়। এতে সবারই নেগেটিভ আসে। ইংল্যান্ডেও আবার করোনা টেস্ট হবে। ওল্ড ট্র্যাফোর্ডে তারা জীবাণুমুক্ত পরিবেশে থাকবেন, স্টেডিয়ামেরই হোটেলে থাকার সুবাধে তারা কোয়ারেন্টিনে থেকে অনুশীলন করতে পারবেন। তবে এখান থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ।

১৪ জনের স্কোয়াডের সঙ্গে ১১ জন রিজার্ভ ক্রিকেটারও এসেছেন, যাতে করে কেউ ইনজুরিতে পড়লে দ্রুত স্থলাভিষিক্ত করা যায়।

ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘জীবাণুমুক্ত পরিবেশে ক্রিকেটারদের স্টেডিয়ামের বাইরে যাওয়া নিষিদ্ধ। একটি রিজার্ভ দলও নিয়ে আসা হয়েছে, যাতে ইনজুরিতে পড়লে স্থলাভিষিক্ত করা যায়।’

সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলা হবে। প্রথম টেস্ট খেলতে ক্যারিবিয়ানরা ৩ জুলাই যাবেন সাউদাম্পটনে। প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে। ১৬ ও ২৪ জুলাই বাকি দুই টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডেই। দর্শকবিহীন মাঠেই হবে ম্যাচ তিনটি।

এই প্রথম করোনা মহামারি শুরু হওয়ার পর ইংল্যান্ড-ওয়েস্টইন্ডিজের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ হবে।

Comments (0)
Add Comment