ইমরানের জনপ্রিয়তা তলানিতে, পাকিস্তানে সেনাশাসন ফিরে আসার আশঙ্কা!

প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা কমতে থাকায় সরকারের উপরে নিয়ন্ত্রণ আরও শক্ত করছে পাক সেনা। সেনাবাহিনী মনোনীত বহু ব্যক্তি বর্তমানে সরকারের উচ্চ পদে আছেন। পাকিস্তানে ফের সেনাশাসন ফিরে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রীর পদে ইমরান খান এখনও আছেন বটে, তবে কাগজে কলমে দেশ চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। গত কয়েক মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত এমনই ইঙ্গিত করছে।

পাক সেনারা ইমরান খানকে ক্ষমতায় রেখেই সরকারের উপরে ছড়ি ঘোরাচ্ছে। মূলত পাকিস্তানের সেনাবাহিনী সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষমতা নিজেদেরে হাতে তুলে নিয়েছে। বর্তমানে অন্তত এক ডজন গুরুত্বপূর্ণ সরকারি ভূমিকা পালন করছেন সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত আধিকারিকরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিদ্যুৎ নিয়ামক সংস্থা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (NIH)। এই তিনটি প্রতিষ্ঠানের হর্তাকর্তার ভূমিকায় এখন সেনাবাহিনীর মনোনীত অফিসাররা। এর মধ্যে চলতি করোনা মহামারী মোকাবিলায় মুখ্য ভূমিকা NIH নিচ্ছে। গত অন্তত দু’মাসের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সরকরি শীর্ষপদে সেনাবাহিনীর লোকজনকে বসিয়েছে ইমরান খান সরকার।

পাক পার্লামেন্টের ৪৬ শতাংশ আসন ইমরান খানের দল PTI-এর দখলে। ক্ষমতা ধরে রাখতে বেশ কয়েকটি ছোট দলের সঙ্গে জোট করতে বাধ্য হয়েছে তারা। এই পরিস্থিতিতে সরকারে টিকে থাকার জন্য ইমরান খানের পক্ষে সেনাবাহিনীর সহায়তা একান্ত প্রয়োজন।

সব কিছু মিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে পা দেওয়া ইমরানের জন্য। অর্থনৈতিক শ্লথতা এবং জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুদ্ধ। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। আর সব কিছু মিলিয়ে সাধারণ মানুষকে ‘নতুন পাকিস্তান’ গড়ার স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের মসনদ দখল করা ইমরানের জনপ্রিয়তা পড়ন্ত। নিম্নমুখী তাঁর প্রভাব।

এই পরিস্থিতিতে ফের পাক সেনাবাহিনীর সক্রিয়তা বেড়েছে। একের পর এক অফিসারকে সরকারি উচ্চ পদে বসিয়ে অসামরিক এই সরকারের উপরে নিয়ন্ত্রণ আরও শক্ত করছে তারা।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার গ্রাস থেকে মুক্ত নয় পাকিস্তান। সেদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহায়তা করছে সেনাবাহিনী। এখানেই সীমাবদ্ধ নেই সেনার ভূমিকা। করোনা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে উর্দিধারী পাক সেনাকর্তাদের। এর মধ্যে চলতি সরকারের উপরে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের লক্ষণ দেখতে পারছেন বিশেষজ্ঞরা।

সুত্রঃ এই সময়

Comments (0)
Add Comment