বিমানের বিশেষ ফ্লাইটের টিকিট নিয়ে গড়ে উঠেছে প্রতারক চক্র

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের টিকিট ঘিরে গড়ে উঠেছে প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, ওই চক্রের সদস্যদের টাকা না দিয়ে পাওয়া যাচ্ছে না বিশেষ ফ্লাইটের টিকিট।
বিমানের ওয়েবসাইটে দেওয়া শিডিউল অনুযায়ী ১৭ জুন ঢাকা-লন্ডন বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি ঘিরে অনুসন্ধান চালানো হয়। বিশেষ ফ্লাইটটি ওই দিন ইতালির রোম হয়ে আসবে- মূলত এই প্রচারণা চালিয়েই প্রতারক চক্রের সদস্যরা টিকিটপ্রতি প্রায় ২০ হাজার টাকা অতিরিক্ত নিয়ে ১৪১টি টিকিট বিক্রি করেছে।
‘সিরিয়ালে ওপরের দিকে নাম তুলে দেওয়া হবে’ এ কথা বলে এখনও আগাম ২০ হাজার টাকা নেওয়া হচ্ছে।

জানা যায়, আগামী ১২ জুন বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে ইতালি যাবে। অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে সেই ফ্লাইটের টিকিটও অনেকের কাটতে হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোকাব্বির হোসেন বলেন, ১৬ কিংবা ১৭ জুন বিমানের কোনো বিশেষ ফ্লাইট ইতালি যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে ১২ জুনের ফ্লাইট যাবে। যথাযথ নিয়মে নিবন্ধন ও টিকিট বিক্রি করা হয়েছে। তিনি জানান, সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ইতালি সরকারের অনুমতি নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। ফলে এখানে নিয়মের বাইরে গিয়ে টিকিট কাটার সুযোগ নেই। এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ বার বার যাত্রীদের অবহিত করছে। এরপরও কেউ যদি প্রতারক চক্রের ফাঁদে পা দেয় তাহলে কী করার থাকে?

Comments (0)
Add Comment