বাংলাদেশের নাগরিক ছিলেন না শামীমা, তাই তাকে প্রবেশের অনুমতি দেয়া হবে না

যুক্তরাজ্যের সাবেক নাগরিক শামীমা বেগম কখনও বাংলাদেশের নাগরিক ছিলেন না। বাড়ি থেকে পালিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস)  যোগ দেওয়া ব্রিটিশ নাগরিক শামীমাকে তাই বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএস এ যোগদান করেন। এরই প্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। উক্ত আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হল- ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই এবং তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ারও কোন অবকাশ নেই।

Comments (0)
Add Comment