ইতালিতে কোথাও পর্যটক নেই

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরো কমেছে ইতালিতে। দেশটির সরকার অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করলেও পর্যটক নেই কোথাও। রাজধানী রোমের প্রাণকেন্দ্রে পর্যটক নির্ভর দোকান গুলো অনেকটাই খালি।

দেশটির বর্তমান সরকার ইতালির অর্থনীতিকে সচল করতে নানা পদক্ষেপ নিচ্ছে। পর্যটকদের আকর্ষণ করতে ব্যবসায়ীদের জন্য কর কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিমানবন্দরগুলো খুলে দেয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রেই শিথিলতা প্রদর্শন করছে সরকার।

একজন বলেন, অনেক বিধি নিষেধের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। মাস্ক পড়ে ঘুরছি আমরা। লোকজন কম। ভালো লাগছে, করোনা ভাইরাস এর পজেটিভ সাইড এটাই।

আরেকজন বলেন, রাজধানী রোম একেবারেই ফাঁকা। একটি শর্ট ট্রিপে এসেছি। কিছুদিন পরেই কাজে যোগ দেব। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। তবে ভ্রমণ পিয়াসী ইতালিয়রা ঘুরতে পছন্দ করে। আমরা সবকিছু ত্যাগ করতে পারবো কিন্তু ভ্রমণ বাদ দিতে পারব না। বিমান ট্রেন ঠিকমতো চলছে না। এ কারণে এখনো বিদেশি পর্যটক এর দেখা মিলছে না।

একজন ব্যবসায়ী বলেন, বিদেশি পর্যটক না থাকলেও রাজধানীর পর্যটন এলাকাগুলোতে প্রচুর সংখ্যক ইতালিয় নাগরিকদের দেখা যাচ্ছে। রোম ছাড়াও অন্য শহর থেকে আসছেন তারা।

ইতালির সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও রাজধানী রোমে পর্যটকের দেখা মিলছে না। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে নেই ক্রেতা। এ অবস্থা থেকে কবে মুক্তি আসবে সেটাই ভাবাচ্ছে ব্যবসায়ীদের।

Comments (0)
Add Comment