ভারত-বাংলাদেশ ফ্লাইট মধ্য জুলাই থেকে?

ভারত বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগামী মধ্য জুলাই থেকে শুরু হতে পারে। ভারতের বিমান মন্ত্রী তেমন ইংগিত দিলেন।  ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ইঙ্গিত দিয়েছেন।

তার মতে, করোনাভাইরাস ‘পূর্বাভাস অনুযায়ী’ আচরণ করলে জুলাই মাসে আন্তর্জাতিক উড়ান চালু করা যেতে পারে। আর আন্তজাতিক ফ্লাইট চালু হলে বাংলাদেশের সংগে যোগাযোগ চালু হতে পারে বলে সংশ্লিস্টরা মনে করছেন। তবে এ বিষয়ে বাংলাদেশের সিভিল এভিয়েশন কতৃপক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

ভারতে লকডাউন জারি করার সময় থেকেই যাত্রী বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। অবশ্য জরুরি প্রয়োজনে, পণ্য পরিবহনে এবং বিদেশ থেকে ভারতীয়দের উদ্ধারে কিছু বিমান অবশ্য লকডাউনের সময়ে চালানো হয়েছে। জিএমআর গ্রুপ আয়োজিত এক সেমিনারে ওয়েবিনারে পুরি বলেছেন, আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, কবে আন্তর্জাতিক উড়ান চালু করবেন?

যদি আমার উপরেই ছেড়ে দেয়া হয় এবং যদি পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ভাইরাস সংক্রমণ সম্পর্কে আমরা সঠিক পূর্বাভাস পাই, তা হলে মনে হয় পরের মাসেই আমাদের সিদ্ধান্ত নেয়া উচিত। তবে সেই সিদ্ধান্ত ভারতীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক নেবে না। আন্তর্জাতিক বিমান চলাচলের বিষয়টি সম্পূর্ণভাবেই নির্ভর করবে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সিদ্ধান্তের উপরে বলে তিনি জানিয়েছেন।

কয়েকদিন আগেই চেন্নাইসহ তামিলনাডুর কয়েকটি জায়গায় পুরোপুরি লকডাউন বলবৎ করায় বিমান চলাচল চালু হয়েও বন্ধ রাখতে হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আন্তর্জাতিক বিমান চলাচলে আপত্তি জানিয়ে ছিলেন।

এখন অবশ্য আন-লকডাউন শুরু হওয়ায় পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। আর তাই মন্ত্রী ওয়েবিনারে বলেছেন, আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের প্রবেশ করতে দেয়া হবে কিনা, সেই বিষয়ে রাজ্যগুলোর সঙ্গে কথাবার্তা চলছে।

Comments (0)
Add Comment