ভুয়া চাকরির মামলায় ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

সোমবার প্যারিসের একটি আদালত ভুয়া চাকরির মামলায় ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিস ফিলোন ও তার স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন।

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের এবং তার স্ত্রী পেনেলোপে ফিলোনকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফ্রান্সিস ফিলোন ক্ষমতায় থাকাকালীন স্ত্রী পেনেলোপে ফিলোনকে নিজের সহকারী হিসেবে কাজ না করলেও ভুয়া চাকরি বাবদ সরকারি তহবিল থেকে ৯ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৭ কোটি ৯৬ লাখ ৪২ হাজার ৮৫৯ টাকা) বেতন দিয়েছিলেন। তবে ফ্রান্সিস ফিলোনের সাজা তিন বছর স্থগিত করা হয়েছে।

সরকারি অর্থ কেলেঙ্কারির এই মামলার কারণে ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারেননি ফিলোন। ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্র চালু হওয়ার পর দেশটির ইতিহাসে ফ্রান্সিস ফিলোনই সবচেয়ে জ্যেষ্ঠ রাজনীতিক; যিনি কারাদণ্ডাদেশ পেলেন।

প্যারিসের একটি আদালত সোমবার রায় ঘোষণার সময় জানান, কাজের জন্য সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিস ফিলোন তার স্ত্রীকে অনর্থক অর্থ দিয়েছিলেন। তাকে এমন একটি পদে নিয়োগ দেয়া হয়েছিল; যার কোনও কাজই ছিল না।

গত কয়েক দশক ধরেই ফ্রান্সে রাজনীতি করে আসছেন ফ্রান্সিস ফিলোন। বেশ কয়েকবার এমপি, সিনেটর এবং আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।

Comments (0)
Add Comment