ডাক্তারের অভাবে চালু হচ্ছেনা কক্সবাজারের বিমান চলাচল

কক্সবাজার বিমানবন্দরে দায়িত্ব পালনের জন্য গোটা জেলা শহরে নাকি তিনজন চিকিৎসক নেই।
মাত্র তিনজন চিকিৎসকের অভাবেই চালু করা যাচ্ছে না বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার বিমানবন্দরের বিমান চলাচল।
এতে শত শত কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে জেলার ব্যবসায়ী গোষ্ঠী ও দেশের এয়ারলাইন্সগুলো।

সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর (নীলফামারী) এবং
যশোর রুটের ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হয়নি দেশের সবচেয়ে জনপ্রিয় রুট কক্সবাজারে।
এ বিষয়ে বেবিচক বলছে, ফ্লাইট চলাচলে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও) যেসব পূর্বশর্ত দিয়েছে সেগুলো পূরণ
করতে না পারায় এখনো কক্সবাজার বিমানবন্দরকে অনুমতি দেয়া হয়নি।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী ফ্লাইট চলাচল শুরু করতে হলে বিমানবন্দরে
পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসক থাকতে হবে।
যেন একজন রোগী প্লেনে অসুস্থ বোধ করলে বিমানবন্দরে নেমে প্রাথমিক চিকিৎসা নিতে পারে।
যেসব বিমানবন্দর চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছে সেখানেই ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
আজ ২ জুলাই পর্যন্ত কক্সবাজার থেকে চিকিৎসকের বিষয়ে কোনো আপডেট জানানো হয়নি।

কমপক্ষে কতজন চিকিৎসক হলে বিমানবন্দর চালু হতে পারে? জানতে চাইলে মফিদুর রহমান বলেন, এমন কোনো সংখ্যা নির্দিষ্ট নেই।
যশোর বিমানবন্দর রোস্টার ভিত্তিতে তিনজন চিকিৎসক নিয়োগ দিয়ে আমাদের জানিয়েছে, আমরা সেখানে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি।
কক্সবাজার বিমানবন্দর এসব বিষয় নিশ্চিত করতে পারলেই তাদের অনুমতি দেয়া হবে।

Comments (0)
Add Comment