সোনায় মোড়ানো হোটেলের নাম শুনেছেন কখনো? সেটি দেখতেই বা কেমন? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খেতে পারে পাঠকের মনে। তবে এমনটিই ঘটেছে ভিয়েতনামে। সেখানেই তৈরি করা হয়েছে সোনায় মোড়ানো হোটেল। সম্প্রতি হোটেলটি খুলে দেওয়া হয়েছে পর্যটক বা দর্শনার্থীদের জন্য।
জানা যায়, বিশ্বের প্রথম সোনায় মোড়ানো হোটেলটি ভিয়েতনামে অবস্থিত। দেশটির রাজধানী হানোইতে তৈরি করা হয়েছে এ গোল্ড প্লেটেড হোটেলটি। হোটেলটির নাম রাখা হয়েছে ‘ডলস হানোই গোল্ডেন লেক’। ২০০৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। পুরোপুরি শেষ করতে এখনো কিছু দিন লাগবে। কিন্তু তার আগেই কয়েক বছর ধরে পর্যটকরা হোটেলের সামনে ভিড় করছেন।
সূত্র জানায়, হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এর ভেতরের সাজসজ্জা বা কারুকাজ। হোটেলটির ইন্টেরিয়র এবং এক্সটিরিয়র দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেট সোনা। এমনকি হোটেলের দরজা, জানলা, টয়লেট সিট, লবি, ইনফিনিটি পুল, কক্ষ, বাথরুমের শাওয়ারের মাথাও সোনায় মোড়ানো।